বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আরও এক ক্রিকেট উৎসবের প্রস্তুতি নিচ্ছে ভারত। নতুন বছরের শুরুর দিকেই বসবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। তার আগে অবশ্য হবে মিনি নিলাম। এরই মধ্যে নিলামের সময়সূচি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর তাতেই দিয়েছে চমক।
ইতোমধ্যে শেষ হয়েছে আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হওয়ার সময়সীমা। ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে মোট ৭৭ জনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির মোট ৭৭টি খেলোয়াড় স্লট বাকি রয়েছে। এর মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন। নিলামে মোট ২৬৩ কোটি রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এখানে রাখা হয়েছে মোট ২৫ জন ক্রিকেটারকে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। ২৫ জনের মধ্যে ৭ জনই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য।
চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে এখন জশ ইংলিশ। তার সঙ্গে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ এবং শন অ্যাবট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এবার আইপিএলে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনে তাহলে দীর্ঘ ৮ বছর পর আইপিএলের মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৫ সালের আসরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ২০১৮ আইপিএলে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কেকেআর দলে নিলেও ইনজুরির কারণে খেলা হয়নি এই গতি তারকার।