পাবনায় নকল বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার তৈরির অভিযোগে এস এম ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় পুলিশের একটি চৌকস টিম সহায়তা করে।
পাবনায় এস এম ফুড নামে প্রতিষ্ঠানটি বাসাবাড়িতে নকল ফসটার ক্লার্ক জাতীয় বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার তৈরি ও বাজারজাত করছিল।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মিঠু শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি নকল পণ্যগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “আমি জেলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করি এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় কোনো আপস করি না। সফল হওয়ার জন্য সাধারণ ভোক্তা, স্থানীয় জনসাধারণ এবং সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে প্রয়োজন।
যদি ভোক্তারা সঠিক তথ্য-প্রমাণ দিয়ে আমাদের সহায়তা করেন, স্থানীয় বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতি বাধা না দিয়ে সহযোগিতা করেন এবং সংবাদমাধ্যম নিয়মিত সচেতনতা সৃষ্টি করে, তবে নকল ও ভেজাল ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে।
প্রয়োজনে একই প্রতিষ্ঠানে বারবার অভিযান চালিয়ে জরিমানা, এমনকি সিলগালা পর্যন্ত করা হবে।”