বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। এরই মধ্যে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। নির্বাচক পদে বসেছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। এবার কোচিং প্যানেলেও এল পরিবর্তন। আসন্ন অস্ট্রেলিয়া ট্যুরের আগে কোচিং প্যানেলে নিয়োগ পেলেন বিশ্বকাপজয়ী দুই তারকা ক্রিকেটার।
পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দুই তারকা উমর গুল ও সাঈদ আজমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জানায়, উমর গুল পুরুষ দলের পেস বোলিং কোচ এবং সাঈদ আজমল স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। এই দুই ক্রিকেটারী পাকিস্তানের হয়ে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন।
কোচ হিসেবে গুল ও আজমলের প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান দলের অস্ট্রেলিয়া ট্যুর। আগামী ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে পাকিস্তান। এরপর জানুয়ারির ১২ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
এই ঘোষণার দিন দুয়েক আগে পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল পদত্যাগ করেন। ছয় মাসের চুক্তিতে যোগ দিলেও এক মাস বাকি থাকতেই দায়িত্ব ছেড়ে দেন তিনি।
এর আগে গুল পাকিস্তানের বোলিং কোচ হিসেবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দায়িত্ব পালন করেছেন। নতুন করে ফের নিয়োগ পাওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেছেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। এছাড়া সবশেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের দায়িত্বও পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনেও সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সেরা পেস বোলার ছিলেন গুল। সব ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৩৭টি ম্যাচ।
আইসিসি র্যাঙ্কিংয়ের সাবেক নম্বর ওয়ান সাঈদ আজমলের কোচ হিসেবে অভিজ্ঞতা তেমন নেই। তবে বোলার হিসেবে ২০০৮ সালে অভিষেকের পর সব ফরম্যাটে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৪৫০ উইকেটের মালিক তিনি।