রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একদফা দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি।
দুই দলের সমাবেশ ঘিরে নানান শঙ্কা ও উত্তেজনা বিরাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্বে মাঠে রয়েছে পুলিশ, র্যাব ও আনসারের ২০ হাজার সদস্য। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিভিন্ন সংস্থার সদস্যরাও।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই দুই দলের সমাবেশ যাতে শেষ হয় সে জন্য কাজ করছে পুলিশ। বাহিনীর ১৩ হাজার সদস্য মাঠে রয়েছেন। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা সদস্যরা।
এদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশের উদ্দেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে মঞ্চ প্রস্তুত করছে আওয়ামী লীগ। আশপাশের অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।