শনিবার (১৮ ফেব্রুয়ারি) টুইটারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, টু ফ্যাক্টর অথেনটিকেশনের এসএমএসের জন্য এখন থেকে টাকা দিতে হবে গ্রাহককে। শুধু অর্থপ্রদানকারী গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য এসএমএস পাঠানোর অনুমিত দেবে টুইটার।
এক টুইটবার্তায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ২০ মার্চের পর থেকে শুধু ভেরিফায়েড গ্রাহকদের টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধাটি দেয়া হবে।
এদিকে টুইটার সত্যিই নীতিমালা পরিবর্তন করতে যাচ্ছে কি না, এক গ্রাহকের এমন প্রশ্নের জবাবে খোদ ইলন মাস্ক জানিয়েছেন, অপব্যবহারকারীরা বট ব্যবহার করে টু ফ্যাক্টরের ম্যাসেজ পাম্প করায় প্রতি বছর ৬ কোটি ডলার মুনাফা হারায় টুইটার। এ জন্য প্রতিষ্ঠানটি তাদের নীতিতে পরিবর্তন আনছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত রাখার একটি পদ্ধতি হলো টু ফ্যাক্টর অথেনটিকেশন। এ পদ্ধতি চালু করা থাকলে শুধু পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট লগইন করা সম্ভব নয়। এর জন্য গ্রাহকের মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করতে হয়, যা মাত্র একবারই ব্যবহার করা যায়।
এর আগে শুধু খ্যাতিমান রাজনীতিবিদ, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তির আইডিগুলো ভেরিফায়েড ছিল। তবে গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ক ঘোষণা দেয়, মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যে কেউ টুইটার ভেরিফিকেশন ব্যাজ কিনতে পারবেন।
টুইটার ভেরিফিকেশন ব্যাজ কিনতে গ্রাহকদের মাসে খরচ হবে ৮ ডলার। তবে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের গুনতে হবে ১১ ডলার। এই সার্ভিসে গ্রাহকদের জন্য ব্লু টিক চেকমার্কসহ রয়েছে টুইট এডিট করার সুবিধা ও অন্যান্য ফিচার।