বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জয়ের সেঞ্চুরিতে মান বাঁচল বাংলাদেশ ‘এ’ দলের

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৮২ Time View

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে মান বাঁচল বাংলাদেশ ‘এ’ দলের। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের শেষ ম্যাচে ড্র করতে সক্ষম হয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। ৪৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। এরপর ম্যাচ ড্র হয়।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যান্ডারসন ফিলিপকে টানা দুটি চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়। ফিলিপ নিজের ১১তম ওভারের শেষ দুটি বল করেন শর্ট লেন্থে। ওই দুই বলেই মিডউইকেটের দিকে সজোরে ব্যাট চালান বাংলাদেশ ওপেনার। তাতে ২২৩ বলে তিন অঙ্কের ঘর ছুঁতে সক্ষম হন তিনি। শেষ পর্যন্ত ২৬৮ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চারের মার।

অন্যপ্রান্তে শাহাদাত হোসেন দিপু অপরাজিত ছিলেন ২০ রানে। বাকিদের মধ্যে ইয়াসির আলি রাব্বি ৬৭, জাকির হাসান ৪৩, সাইফ হাসান ৩৮ ও মমিনুল হক ৫ রান করেন। সফরকারীদের হয়ে ৩ উইকেট নেন কেভিন সিনক্লেয়ার। একটি উইকেট নেন আকিম জর্ডান।

এর আগে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই ইনিংসে ক্যারিবীয়দের কেউ সেঞ্চুরি না পেলেও অর্ধশতক করেন পাঁচ ব্যাটার। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২০৫ রান। পরে ওয়েস্ট ইন্ডিজ ২২০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৪৬১ রানের টার্গেট পায় বাংলাদেশ।
প্রথম টেস্টে ফলোঅনে পড়েও ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল স্বাগতিক দল। দ্বিতীয় টেস্টে তারা হারে ৩ উইকেটের ব্যবধানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category