মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। সিরিজের শেষ ম্যাচ চলাকালে পারাপারে পাড়ি জমান কামিন্সের মা। তাই টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তার পরিবর্তে সাদা বলের এই ফরম্যাটে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আর তাতে পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হলেন ডানহাতি এ ব্যাটার।
মঙ্গলবার (১৪ মার্চ) ভারত সিরিজের জন্য ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্যাট কামিন্সের পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাথান এলিস। টেস্ট সিরিজ ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নারের চোট সারায় তাকে দলে রাখা হয়েছে।
নতুন করে দায়িত্ব পাওয়ার আগে ৫১টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। যার সর্বশেষটি ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর বল টেম্পার কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞাসহ তিনি সব ফরম্যাটের নেতৃত্ব হারান। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে তিনি আবার নেতৃত্বে ফেরেন। তার অধীনেই ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারুইয়ানরা। রোহিত শর্মার দলের বিপক্ষে এক ম্যাচে জয় ও আরেক টেস্টে ড্র করেছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, জশ ইংলিস, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।