উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন ৫বার। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ স্কোরার তিনি। এক মৌসুমে টানা বেশ কয়েকবার শীর্ষ গোলদাতা পর্তুগিজ এই তারকা। খেলেছেন ইউরোপা লিগও। সেই ক্রিশ্চিয়ানো রেনোলদোর কাছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোন জায়গায় অবস্থান করবে, একবার ভেবে দেখুন!
সৌদি ক্লাব আল নাসরের হয়ে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের আসরেও খেলতে হচ্ছে তাকে এবং মঙ্গলবারই প্রথম তিনি এই টুর্নামেন্টে খেললেন। ইরানি ক্লাব পারসেপোলিসের বিপক্ষে খেলতে নেমে অভিষেকে শুভ সূচনা হলো তার।
২-০ গোলে ১০ জনের পার্সেপোলিসকে হারিয়ে এসেছে আল নাসর। যদিও গোল পাননি রোনালদো নিজে। আল নাসরের হয়ে গোল করেছেন ড্যানিয়েল ইসমাইলিফার (আত্মঘাতী) এবং মোহাম্মদ কাসেম আল নাখলি।
তেহরানের আজাদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। অবশ্য রোনালদোর খেলা ইরানিরা সরাসরি উপভোগ করার সুযোগ পাননি। কারণ, সম্পূর্ণ খালি স্টেডিয়ামে খেলতে হয়েছে পার্সেপোলিস এবং আল নাসরকে। ম্যাচের ৫২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পার্সেপোলিস। মিলাদ শারলাক লাল কার্ড থেকে এ সময় মাঠ থেকে বহিস্কার হন।