শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে এ ঘটনা ঘটে।
এদিন ওয়েস্ট ইন্ডিজকে ২৮৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয় পেতে শেষ ইনিংসে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ৩৯১ রান। তবে প্রোটিয়া বোলারদের তোপে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ক্রেইগ ব্রাথওয়েটের দল। ১০৬ রানে অলআউট হয় সফরকারীরা।
শনিবার ৭ রানে ব্যাটিং করতে থাকা কাইল মেয়ার্সকে বোল্ড করে সাজঘরের পথ ধরান কেশভ মহারাজ। ম্যাচের দখল নিজেদের হাতে থাকলেও ক্যারিবীয় ব্যাটারকে ফিরিয়ে উদযাপনে কোনো কমতি রাখেননি মহারাজ। আর এখানেই ঘটে বিপত্তি।
উইকেটের উদযাপন করতে গিয়ে মাঠেই ইনজুরিতে পড়েছেন মহারাজ। মাঠ থেকে সরাসরি স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ স্পিনারকে। স্ক্যান থেকে জানা গেছে, নিজের বাঁ পায়ে ভয়ানক চোট পেয়েছেন মহারাজ।
মহারাজের চোট দেখে বিশেষজ্ঞরা আন্দাজ করছেন, ইনজুরি থেকে সারতে অন্তত ৬ মাস লাগবে মহারাজের। এরপর পুনর্বাসনেও সময় লাগবে। তাই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিনক্রিকইনফো মনে করছে, চোট থেকে মাঠে ফেরার আগে বিশ্বকাপ মিস করতে পারেন মহারাজ।
২০১৭ সালে আন্তর্জাতিক অভিষেক হয় মহারাজের। বিশেষত টেস্ট বোলার হিসেবে ব্যবহৃত হলেও ৫০ ওভারের ফরম্যাটেও বেশ কার্যকরী মহারাজ। বিশেষ করে এশিয়ান কন্ডিশনে তো এই স্পিনারের অভিজ্ঞতা বেশ এগিয়ে রাখতো তার দলকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ২৭টি ওয়ানডে খেলে ২৯ উইকেট পেয়েছেন মহারাজ।