ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। এ ছাড়াও সিনেমাটি নিয়ে বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আড্ডায় মেতে ওঠে ‘প্রহেলিকা’ টিম।পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, “আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি। ঈদে ‘প্রিয়তমা’, ‘অন্তর্জাল’সহ অনেক ভালো সিনেমা আসছে। আমরা সব সিনেমা দেখব। এর পাশে ‘প্রহেলিকা’ সিনেমাও দেখব।”
মাহফুজ আহমেদ বলেন, “আজ আমি শুধু শুনতে এসেছি। আপনারা আমাদের নিয়ে বলবেন আমরা শুনব। আমি মনা আর (অর্পা) শবনম বুবলী এসেছি, আপনাদের কথা শুনতে। দীর্ঘ চার বছর পর ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে নতুন সিনেমা নিয়ে ফিরেছি আমি। এটা হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলীকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশা করি ভালো কিছু পাবে দর্শক।”
সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ এরই মধ্যে আলোচিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।