২০২৪ আইপিএলে দেখা যাবে না ইংলিশ পেসার জফরা আর্চারকে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আর্চারের ‘ওয়ার্ক-লোড’ নিয়ে চিন্তাভাবনা করছে। পাশাপাশি তাকে পরিচর্যায় রাখা হয়েছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।
এদিকে ইংল্যান্ডের যে ৩৪ ক্রিকেটার আগামী আইপিএলের জন্য নাম নিবন্ধন করেছেন, সেখানে নেই আর্চার। তিনি সম্প্রতি ইংল্যান্ড বোর্ডের সাথে কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করেছেন– যা ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যার কারণে ইসিবি আর্চারকে আইপিএল নিলামে অংশ নিতে নিষেধ করেছে। এই কথা নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি সবসময় মনে করতেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে ইংল্যান্ড বোর্ডের কিছু সংযোগ বা সহযোগিতা ঘটানো উচিত। তবে ইসিবি মনে করছে, আগামী বছরের এপ্রিল ও মে মাসে আর্চার যদি ইংল্যান্ডে অবস্থান করেন, সেটা তার নিজের জন্য ভালো কিছু বয়ে আনবে। কারণ, আর্চারের ফেরার ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।
ইংল্যান্ডের ৮ জন ক্রিকেটারকে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের দলে ধরে রেখেছে। তাদের মধ্যে রয়েছেন; মঈন আলি, জস বাটলার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, মার্ক উড, উইল জ্যাকস, রিস টপলি। বেন স্টোকস ও জো রুট আসন্ন আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।