শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য মিশন শেষ হয়েছে। প্রায় পাঁচ হাজার নাবিক ও ক্রু নিয়ে রণতরিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে যাত্রা শুরু করেছে। টানা প্রায় নয় মাস সামরিক অভিযানে মোতায়েন থাকার পর দেশে ফিরছে এটি।

আব্রাহাম লিংকনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখতে জাপানে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন দায়িত্ব নিয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার রোববার প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে রণতরিটির বিদায়ের ইঙ্গিত দেন। আব্রাহাম লিংকনের উদ্দেশে তিনি লিখেছিলেন, ‘শুভযাত্রা। শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে।’

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে আব্রাহাম লিংকন। এরপর ২৭২ দিনের মধ্যে মাত্র দুবার সমুদ্রে অবস্থান থেকে বিরতি নেয় রণতরিটি। এর মধ্যে ডিসেম্বরে গুয়ামে স্বল্প সময়ের জন্য এবং পরে রসদ সংগ্রহের উদ্দেশ্যে ওমানে অবস্থান করে।

এই দীর্ঘ সময়ে জাহাজটির কয়েক হাজার নাবিককে প্রায় পুরো সময় সমুদ্রেই কাটাতে হয়েছে। বিশ্রামের জন্য নিয়মিত ছুটির সুযোগও ছিল না। এখন প্রায় ১৩ হাজার মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ফিরতে হবে তাঁদের। এতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের অংশ হিসেবে আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে রণতরিটিতে নাবিকদের জীবনযাত্রা ও বিভিন্ন সংকট নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরবরাহব্যবস্থায় সংকট দেখা দেওয়ায় এসব সমস্যা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা রণতরিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, পানিদূষণ, পয়োনিষ্কাশনব্যবস্থার সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির বিষয়টি তুলে ধরেছেন। তবে অ্যাডমিরাল ব্র্যাড কুপার এসব সমস্যার অনেকগুলোকে পুরোনো বলে উল্লেখ করেছেন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং বুধবার থেকে কমান্ডটির অধীনে কার্যক্রম শুরু করেছে।

পারস্য উপসাগরের বাইরে মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনকে কেন্দ্র করে দুটি বিমানবাহী রণতরির সমন্বিত যুদ্ধদল রয়েছে। পাশাপাশি একটি উভচর অভিযান পরিচালনাকারী যুদ্ধদলও মোতায়েন আছে, যাতে একটি মেরিন অভিযাত্রী ইউনিট রয়েছে।

এ ছাড়া কয়েকটি ডেস্ট্রয়ারও ওই অঞ্চলে অবস্থান করছে। এসব যুদ্ধজাহাজের কিছু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইরানের বন্দর অবরোধ কার্যক্রম বাস্তবায়নে যুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category