যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সামরিক কর্মকর্তারা এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে প্রত্যন্ত কেপ নিউেনহাম এলাকার একটি রাডার সাইটের কাছে দুর্ঘটনাটি ঘটে। এফএএ-এর প্রাথমিক তথ্যানুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে রওনা হয়ে কেপ নিউেনহামের দিকে যাচ্ছিল, যা অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সিকিউরিটি এভিয়েশন পরিচালিত ওই চার্টার বিমানে দুই জন পাইলট ও ছয় জন যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ড জানিয়েছে, এটি একটি চুক্তিভিত্তিক সামরিক ফ্লাইট ছিল। পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করে যে বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন।
বিমানটি কেপ নিউেনহাম বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে। উক্ত বিমানবন্দরটি মার্কিন বিমানবাহিনীর একটি নিয়ন্ত্রিত স্থাপনা এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। স্থানটিতে কেবল সামরিক বাহিনী ও অনুমোদিত চার্টার বিমান অবতরণের সুযোগ পায়।
দুর্ঘটনার মূল কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। তবে এফএএ-এর সহায়তায় মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে।
মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, নিহতরা অত্যন্ত বৈরী পরিবেশে নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করছিলেন। তাঁদের পরিজনদের কাছে খবর পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।