ইরানের পশ্চিমাঞ্চল দিয়ে হাজার হাজার কুর্দি যোদ্ধাকে প্রবেশ করিয়ে দেশটিতে সরকার পতনের একটি গোপন পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের চরম আপত্তির কারণে শেষ পর্যন্ত এই অভিযান চালানো সম্ভব হয়নি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কৌশল তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী, মোসাদ ও সিআইএর সহায়তায় ইরাকি কুর্দিস্তান থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধাকে ইরানে প্রবেশ করিয়ে বিদ্রোহ উসকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে আঙ্কারার নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে এই পরিকল্পনার বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি ট্রাম্পকে সরাসরি জানান, মধ্যপ্রাচ্যে কুর্দিদের সামরিকভাবে শক্তিশালী করার কোনো পদক্ষেপ তুরস্ক মেনে নেবে না। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাথে দীর্ঘ সংঘাতের কারণে শুরু থেকেই এ বিষয়ে কঠোর আঙ্কারা।
তুরস্কের অব্যাহত কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ঝুঁকির কারণে শেষ পর্যন্ত ট্রাম্পের অনুমোদন না পাওয়ায় অভিযানটি ভেস্তে যায়। পরবর্তীতে সামরিক হামলার বদলে ইরানের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ সৃষ্টির পথ বেছে নেয় মার্কিন প্রশাসন।