সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির দুইজন ছাত্রীকে উক্ত মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কুপ্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে এক শিক্ষার্থী চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণিকক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেন। এসময় কোনো ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, “আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানে চেষ্টা করলে এতো দূর যেতো না, এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।”

এ বিষয়ে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আপনি বিষয়টি আদালত থেকে জানেন, আমি বক্তব্য দিতে পারবো না।”

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category