সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়নে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ১ হাজার ১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় তালার মোবারাকপুর সেতু মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
মোবারাকপুর দুর্গা মন্দির থেকে মহন্দি পিসি সড়ক পর্যন্ত এ নতুন সড়ক নির্মাণ করা হবে।
উদ্বোধনকালে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতের প্রসারের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়।
তিনি বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। সড়কটির নির্মাণকাজ যাতে মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ নাথ হালদার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল, নকশাকার ও সার্ভেয়ার আব্দুস সালাম, ঠিকাদার ফরহাদ হোসেন তপু, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব ও ক্রীড়া সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা শিবির সভাপতি মো. শাহিদুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের আমির মো. মুজিবুর রহমান।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।