সংগীত ও অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র তাহসান খান। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই অন্তরালে থাকতে পছন্দ করলেও, রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ের খবরটি গত বছর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু সেই সম্পর্কের আয়ু হলো মাত্র এক বছর।
শনিবার তাহসান এক সংবাদ মাধ্যমমে একান্ত সাক্ষাৎকারে তাঁদের বিচ্ছেদের সত্যতা নিশ্চিত করেছেন। তাহসান ও রোজার সম্পর্কের শুরুটা ছিল অনেকটা গল্পের মতো। মাত্র চার মাসের পরিচয়ে তাঁরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
দুই পরিবারের সম্মতিতে গত বছরের শুরুতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন তাহসান অত্যন্ত আনন্দিত চিত্তে বলেছিলেন, শুভ কাজটা আজ সারলাম, আমরা যেন সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই। ভক্তরাও প্রিয় তারকার নতুন জীবনের সূচনায় শুভকামনায় ভাসিয়েছিলেন।
বিয়ের পরপরই এই নবদম্পতি পাড়ি জমান নীল জলরাশির দেশ মালদ্বীপে। সেখান থেকে রোজা আহমেদ তাঁদের সুন্দর মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।
ক্যাপশনে লিখেছিলেন, জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত, এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত। এরপর গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় বৃষ্টিতে ভেজার একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়। হালকা বৃষ্টিতে তাহসানের কাঁধে হাত রেখে রোজার হেঁটে চলা কিংবা ব্যাকগ্রাউন্ডে তাহসানের গাওয়া গানের সুর, সব মিলিয়ে ভক্তরা ভেবেছিলেন এই জুটির দাম্পত্য জীবন বুঝি রূপকথার মতোই কাটছে। সবকিছু ঠিকঠাক মনে হলেও গত বছরের জুলাই মাস থেকে তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।
তাহসানের ভাষ্যমতে, সেই সময় থেকেই তাঁদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের এই অসহনীয় যন্ত্রণার প্রভাব পড়ে তাহসানের ক্যারিয়ারেও। তিনি গান এবং ফেসবুক থেকেও নিজেকে সরিয়ে নেন। গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তাঁদের বিচ্ছেদের বিষয়টি একপ্রকার চূড়ান্ত হয়ে যায়।
বিচ্ছেদের খবর নিশ্চিত করলেও এর পেছনের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তাহসান। তিনি বলেন, এখন আমি আসলে জনসম্মুখে কিছু বলতে চাই না, সঠিক সময় এলে সব বলব।
অন্যদিকে, রোজা আহমেদ বিচ্ছেদ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এমনকি তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফেসবুক কভার ফটো কিংবা ইনস্টাগ্রামে তাহসানের সঙ্গে কাটানো স্মৃতিগুলো এখনো অমলিন। এই নীরবতা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তাহসানের মতো একজন সংবেদনশীল মানুষের জীবনে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের সংবাদটি মেনে নিতে পারছেন না তাঁর অনেক ভক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমবেদনা জানাচ্ছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন আধুনিক দাম্পত্য সম্পর্কের স্থায়িত্ব নিয়ে। উল্লেখ্য যে, ২০২৫ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে এবং ফেব্রুয়ারিতে মালদ্বীপে হানিমুনের পর মে মাসে তাঁদের নিউইয়র্কে বৃষ্টিতে ভেজার ভিডিও ভাইরাল হয়েছিল। তবে জুলাই থেকেই সম্পর্কের ছন্দপতন ঘটে এবং তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
সেপ্টেম্বর মাসে তাহসান গান ও ফেসবুক থেকে বিরতি নেন এবং অবশেষে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে এই বিচ্ছেদের খবরটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল।