যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় সম্ভাব্য হামলার ভয়াবহ পরিণতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালালে তেহরান তার ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে।
তিনি আরও সতর্ক করে জানান, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ অংশ নিলে বা তাদের সহযোগিতা করলে তাদেরও পাল্টা লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চাপের মুখে ফেলতে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন।
এর পর থেকেই ইরান ধারাবাহিকভাবে কঠোর সতর্কবার্তা দিয়ে আসছে। তেহরানের দাবি, দেশটির জ্বালানি স্থাপনায় কোনো ধরনের আঘাত করা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরূপ জ্বালানি অবকাঠামোকেও পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে।