রাজধানীতে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা। রোববার রাতে রামপুরা এলাকায় এক ছিনতাইকারী তাঁর কানের দুল ধরে টান দিলে কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কানে সাতটি সেলাই দিতে হয়।
পারিবারিক ও চলচ্চিত্র অঙ্গন সূত্রে জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়েছিলেন রঞ্জিতা। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে আড্ডা ও উৎসবমুখর পরিবেশ উপভোগ করে রাত সাড়ে ৯টার দিকে নিজের বাসায় ফিরছিলেন তিনি।
ভুক্তভোগী অভিনেত্রী জানান, রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ছিনতাইকারী তাঁকে অনুসরণ করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তাঁর কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে তাঁর কানের একটি অংশ ছিঁড়ে তীব্র রক্তপাত শুরু হয়। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রঞ্জিতা নিজের ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন, শিল্পী সমিতির নির্বাচন সব সময় আনন্দের একটি উপলক্ষ। সেটি দেখার জন্যই এফডিসিতে গিয়েছিলেন। ফেরার পথে গলি দিয়ে হাঁটার সময় কেউ একজন তাঁকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী কানের দুল ধরে প্রচণ্ড জোরে টান দেয়। তিনি আরও বলেন, ঘটনার আকস্মিকতায় তিনি স্তব্ধ ও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। পরে চিৎকার করতে গিয়ে দেখেন কান থেকে অনবরত রক্ত ঝরছে এবং কানটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে।
ঘটনার পরপরই রঞ্জিতা সহায়তার জন্য শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন করেন। খবর পেয়ে অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, আশির দশকের শেষভাগে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। সেই চলচ্চিত্রে তিনি নায়ক বাপ্পারাজের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ২০০৫ সালের পর থেকে তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি।