রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে রিকশার রুট, কারিগরি মান ও নিরাপত্তা এবং চালকদের প্রশিক্ষণের মতো বিষয়গুলো নির্ধারণ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের পর রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্বল্প দূরত্বে যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হলেও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানজট ও সড়ক ব্যবস্থাপনায় নানান জটিলতা তৈরি হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, অধিকাংশ ব্যাটারিচালিত রিকশাচালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই, পাশাপাশি এসব যানবাহনের কারিগরি মান ও নিরাপত্তার বিষয়গুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোন কোন এলাকা বা সড়কে এসব বাহন কতটুকু চলতে পারবে এবং যানবাহনের কাঠামোগত সক্ষমতা কী হবে, তা নীতিমালায় নির্দিষ্ট করে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।