দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা এবং শিল্পী ও আয়োজকদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সাংস্কৃতিক আয়োজন বন্ধ বা বাধাগ্রস্ত করার কোনো নীতি সরকারের নেই। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলে আয়োজকদের অনুষ্ঠান স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিতে হতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি দেশের কয়েকটি স্থানে সংগীতানুষ্ঠান ও কনসার্ট বাতিলের প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা সরকারের অবস্থান জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কোনো অনুষ্ঠান বাতিল হওয়ার অর্থ এই নয় যে সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে অসহযোগিতা করছে। নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আয়োজকদের কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়।
দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ছোট-বড় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মুক্ত সংস্কৃতি চর্চার পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অযাচিত বিধিনিষেধ বা বাধা সৃষ্টি করা সরকারের নীতি নয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক পরিবেশে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনও ঘটতে পারে বলেও স্বীকার করেন তিনি। এসব বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি সুসংহত হয়েছে বলে জানান।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন ও মুক্তচিন্তার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালন করবে।