মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

স্কুল-কলেজে কারিগরি বা ভোকেশনাল শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রচলিত পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় পারদর্শী করে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ ক্ষেত্রে ছয়-সাতটি ভাষার মধ্য থেকে নিজেদের পছন্দ অনুযায়ী একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। তালিকায় ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা রাখা হবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। সে কারণে প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি সবার দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও তৈরি করতে হবে। এসব গুণের সমন্বয় ঘটলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে আসেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পাশাপাশি সংসদ ভবনের লাইব্রেরি পরিদর্শন করেন এবং উত্তর প্লাজায় ছবি তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category