বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :

বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

একই সঙ্গে দ্বিতীয় বিয়ে ও মা হতে যাওয়ার খবর জানিয়ে আলোচনায় থাকা অভিনেত্রী মৌসুমী হামিদ এবার জানিয়েছেন, কেন দীর্ঘদিনের বন্ধু ওয়াদুদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তার ভাষ্য, পারস্পরিক শ্রদ্ধা, একই স্বপ্ন এবং দীর্ঘদিনের বন্ধুত্বই তাদের বিয়ের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী বলেন, আমার সবকিছুতেই ওয়াদুদ সব সময় পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। জীবনে তো এমনটা কখনও কখনও হয়, হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না।

তিনি আরও বলেন, আমি চাইতাম সংসারি হতে, সে–ও তাই চাইত। নিজেদের মধ্যে আড্ডা ও কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে, আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না। আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। এ কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই, এরপর বিয়ে করি।

মৌসুমী জানান, অনাগত সন্তানের কথা বিবেচনা করে প্রায় দুই মাস ধরে শুটিং থেকে বিরতি নিয়েছেন। তবে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেড’ এর কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি তিনি ও তার স্বামী যৌথভাবে পরিচালনা করেন।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠান বিনা মূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডকে নির্দিষ্ট এলাকার গ্রাহকদের কাছে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ও ডিজিটাল সেবার মাধ্যমে পৌঁছাতে সহায়তা করে।

প্রায় দুই দশকের অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে মৌসুমী বলেন, এই পথ মোটেও সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়েই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিনেত্রী বলেন, আমি চাই, এখন আমার একটা সুস্থ বাচ্চার জন্ম হোক। তাকে সুন্দর একটি পরিবেশ দিই। আমার স্বপ্নটাই এখন আগামী দিনকে ঘিরে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নটাকে পরিপূর্ণতা দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category