জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জনগণের প্রদত্ত সুনির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই ঘন ঘন আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করে সরকারকে রাষ্ট্র পরিচালনার পূর্ণ সুযোগ দিতে হবে। সরকারের পাঁচ বছরের কাজের মূল্যায়ন করেই দেশের জনগণ পরবর্তী নির্বাচনে সিদ্ধান্ত দেবে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বিগত শাসনের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকার কারণে বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে এই সরকারকে কাজ শুরু করতে হয়েছে। এমন পরিস্থিতিতে রাজপথে লংমার্চ বা অস্থিতিশীল কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া ব্যাহত করা হচ্ছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সার্বিক পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
দেশের বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, বিদ্যুৎ ঘাটতি দ্রুত দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানির ওপর আগামী তিন বছরের জন্য পূর্ণ কর মওকুফ করেছেন। এটি সঠিকভাবে কাজে লাগালে আগামী এক বছরের মধ্যেই বিদ্যুতের সংকট দূর করা সম্ভব হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগণের ভাগ্যোন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৭ বছরের চরম অত্যাচার-পীড়ন ও প্রতিকূলতা মোকাবেলা করেই বিএনপি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জিয়া মঞ্চের স্থানীয় নেতা আবু তালেবের সভাপতিত্বে ও গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন এবং সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই সম্মেলনে বরিশাল মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির জ্যেষ্ঠ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।