আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই গণসংযোগে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
গণসংযোগকালে অ্যাডভোকেট মিলন বলেন, “নির্বাচনী ট্রেন এখন চলমান। এই ট্রেন আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না।”
তিনি দাবি করেন, পবা-মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, “একটি দল জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে খেলা করছে। প্রশাসনের ভেতরেও কিছু আওয়ামী মনোভাবাপন্ন সদস্য ও কর্মকর্তা গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে আমরা জানতে পারছি। এবার নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হলে জনগণ তা মেনে নেবে না।”
বিএনপির নেতাকর্মীদের স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, আগে বলা হতো বেগম জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, এখন বলা হচ্ছে তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন। এ বিষয়ে তিনি বলেন, একদিকে দুঃখ আছে অন্যদিকে আনন্দও আছে।
ধর্মীয় বিষয়কে নির্বাচনের সঙ্গে যুক্ত করার সমালোচনা করে মিলন বলেন, কিছু দল নির্বাচন নিয়ে খেলেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের মধ্যে বেহেশতের টিকিট বিক্রি করছে। মানুষের ঈমান-আমান নিয়ে ছিনিমিনি খেলা থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় এলে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি প্রাথমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মিলন বলেন, নওহাটা পৌরসভার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।
গণসংযোগকালে স্থানীয়রা তাদের এলাকার ভাঙাচোরা রাস্তার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, বিএনপি আমলে নির্মিত অনেক রাস্তা পরবর্তীতে সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। নির্বাচিত হলে এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন অ্যাডভোকেট মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ এবং নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।