সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াত ইসলামীতে যোগদান

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

দেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের প্রতি গভীর আস্থা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে দলীয় কার্যক্রমে যুক্ত হন।

সাক্ষাৎকালে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মতো আদর্শিক শক্তির প্রয়োজন রয়েছে।

যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামের মহান মূল্যবোধ, জাতীয় স্বার্থ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর অবশিষ্ট জীবন অতিবাহিত করবেন। এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা এবং আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ সময় মেজর (অব.) আক্তারুজ্জামানকে আন্তরিকভাবে আলিঙ্গন করে দলে স্বাগত জানান এবং জাতির জন্য তাঁর দীর্ঘ ও কল্যাণকর জীবন কামনা করেন।

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের ইতিহাসে একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত করেন।তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ব্যানারে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে এখনো সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

তাঁর মতো একজন প্রবীণ মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের জামায়াতে ইসলামীতে যোগদান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category