মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক খাদে পড়ে চালকসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিএটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার রাজনগর গ্রামের ইজিবাইকচালক বাবলু, সোনাপুর গ্রামের ইদ্রিস আলী এবং বলিয়ারপুর গ্রামের গোলাম বিশ্বাস। এ ছাড়াও দুর্ঘটনায় নাম-পরিচয় না জানা অপর এক নারী যাত্রী আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে একটি বেপরোয়া গতির ট্রাক আমঝুপির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মেহেরপুরের দিকে আসার পথে বিএটি এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রাকটি সেটিকে সজোরে চাপ দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষ বা বড় ধরনের প্রাণহানি এড়াতে চালক তাৎক্ষণিকভাবে ইজিবাইকটিকে রাস্তার পাশের খাদে নামিয়ে দিলে সেটি উল্টে যায়। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ইদ্রিস আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।