ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামায়াত হোক বা অন্য কেউ আমরা আন্দোলন-সংগ্রাম করে এই জায়গায় এসেছি; আমরা ভেসে আসিনি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্যাগের রাজনীতি বনাম ‘গুপ্ত বাহিনী’ জামায়াতের একজন প্রার্থীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইয়ের রক্ত রয়েছে। জামায়াত প্রার্থীর কথাগুলো এখন হাস্যরসে পরিণত হয়েছে। তারা শুধুমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য এসব কথা বলছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, এতদিন তারা কোথায় ছিল? তারা তো ৫ আগস্টের পরে হঠাৎ করে বের হয়েছে। ২৪-এর আগস্টের পর এই ‘গুপ্ত বাহিনী’র উদয় হয়েছে। আমরা দেখেছি, যখন রাস্তাঘাটে মানুষ থাকতো না, তখন তারা অন্ধকারে চুপিসারে বের হতো এবং ঝটিকা মিছিল করে চলে যেতো এই ছিল তাদের আন্দোলন। অন্যদিকে আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি।
জামানত বাজেয়াপ্তের আশঙ্কা ইশরাক হোসেন আরও দাবি করেন, জামায়াত নেতারাও জানেন যে ঢাকা শহরের সব আসনে তাঁদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের অন্য কোনো অশুভ চিন্তাভাবনা থেকে থাকে, তবে বলে দিতে চাই, নির্বাচনের আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করে দেবো।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ইশরাক হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন।