বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি আপাতত চালু করছে না ইরান। যুক্তরাষ্ট্র তাদের দেওয়া আগের শর্ত ও দাবিগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত এ সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি।
রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, অন্যান্য দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাই তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো সুযোগ নেই।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় স্পিকার গালিবাফ বলেন, শত্রুপক্ষ ভালোভাবেই জানে একতরফাভাবে কোনো পদক্ষেপ নেওয়ার সময় এখন আর নেই। ইরানের জনগণের ন্যায্য অধিকার মেনে নেওয়া এবং গত জুনের চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র পালন না করা পর্যন্ত জলপথ চালু করা বা নতুন করে কোনো আলোচনায় বসার পথ বন্ধ থাকবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরবর্তীতে গত জুনে দুই দেশের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তি হয়। তবে এরপর কীভাবে এ পথ দিয়ে জাহাজ চলাচল করবে এবং এর নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এতে চুক্তিটি ভেস্তে যায় বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় এর পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে।