ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। গত বুধবার তারা খবর পায়, একটি বাড়িতে রান্নার উদ্দেশ্যে গরুর মাংস আনা হয়েছে। এরপরই সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে উপস্থিত চারজন পুরুষ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। একই সময়ে তিন নারীও সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযানের সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে রাখা কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাংসের মধ্যে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস ছিল।
এ বিষয়ে জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, “আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান, মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।”
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিন নারীর স্বামী এবং তাদের এক আত্মীয়কে আটকের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া গরুর মাংস কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তা জানতে পৃথক তদন্ত চালানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারটি এর আগেও গরুর মাংস কিনেছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।