ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর নতুন সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে এই প্রণালি অতিক্রম করেছে। এসবের মধ্যে তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজসহ বিভিন্ন ধরনের কার্গো ভেসেল রয়েছে।
বাহিনীর দাবি অনুযায়ী, জাহাজগুলো নির্ধারিত নিয়ম মেনে আগাম সমন্বয় করে এবং অনুমতি গ্রহণের পরই এই জলপথ ব্যবহার করেছে। একই সঙ্গে ইরানি সেনাবাহিনীর সাথে যৌথভাবে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানানো হয়।
নতুন ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালির নজরদারি এলাকা জাস্ক ও সিরিক উপকূল থেকে শুরু করে গ্রেটার তুনব দ্বীপের বাইরে পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে উত্তেজনা বাড়ার পর এই রুটে কড়াকড়ি আরোপের কারণে জাহাজ চলাচল কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে নতুন সমন্বয় ব্যবস্থায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে আইআরজিসি।
সূত্র: প্রেস টিভি