রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

চিহ্নিত খুনিদের ছেড়ে দিয়ে নিরীহদের জেলে দিচ্ছে সরকার: জিএম কাদের

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে জেলে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ আসনের প্রার্থী হিসেবে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, ‘এ সরকারের সাথে দেশের মানুষের সম্পর্ক কম। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। তারা আজাদির কথা বলে গোলামি করার চেষ্টা করছে। তারা বলছে ইনসাফ, কিন্তু করছে চরম বেইনসাফি।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবেন নির্বাচিত সংসদ সদস্যরা।

বর্তমান সরকারের গণভোটের আয়োজনকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি যে দেশদ্রোহিতা, তা একদিন প্রমাণিত হবে। একটি গোষ্ঠী উগ্রপন্থী দেশ গড়তে চায় উল্লেখ করে তিনি দেশ রক্ষায় গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। প্রচারণায় ভালো সাড়া পাচ্ছি। ভোট সুষ্ঠু হলে এবং সঠিকভাবে গণনা হলে এবার আমরা অনেক বেশি আসন পাব।’

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘একদল বলছে নারীদের চাকরি করা যাবে না। ইসলামে তো এমন কথা নেই। যেই পরিবারে শুধু কন্যাসন্তান রয়েছে, সেই পরিবার কীভাবে চলবে? আমরা ধার্মিক ও অসাম্প্রদায়িক দেশের মানুষ, আমরা এসব উগ্রপন্থা সমর্থন করি না।’

গণসংযোগকালে জি এম কাদেরের সাথে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category