সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

মাদকাসক্ত ছেলেকে মাটিতে পুঁতে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

মাদকাসক্ত ছেলের লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ এক মায়ের অসহায় আর্তনাদের জেরে গাজীপুরের শ্রীপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে, মারধর করে এবং দৃষ্টান্তমূলক শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২), যিনি ওই গ্রামের নুরু উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত খলিল নেশার টাকার জন্য নিয়মিতভাবে তার মা খোদেজা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। শনিবার সকালে সেই নির্যাতন চরম রূপ নেয়। নেশার টাকা না পেয়ে খলিল নিজের জন্মদাত্রী মাকে বেধড়ক মারধর করেন।

অসহায় মা খোদেজা বেগম তখন আর সহ্য করতে না পেরে প্রতিবেশীদের কাছে চোখের পানি ফেলে বিচার দাবি করেন। মায়ের সেই বুকভাঙা কণ্ঠ ও দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ একত্রিত হয়ে পুরো এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তোলে। তারা তাৎক্ষণিক খলিলকে আটক করে মারধর করে এবং শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নেয়।

ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই মন্তব্য করেন, যদিও এই ধরনের বিচার আইনের পরিপন্থী, তবুও মাদকাসক্ত ছেলের হাতে দিনের পর দিন নির্যাতিত এক মায়ের অসহায়তার চরম বহিঃপ্রকাশ এই ঘটনা। আবার অনেকে মনে করছেন, মাদকের ভয়াবহতা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, এই ঘটনাই তার নির্মম প্রমাণ।

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা ও উদ্বেগ চলছে। স্থানীয় সচেতন মহল বলছে, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এমন হৃদয়বিদারক ঘটনা আরও বাড়বে, যেখানে অপরাধী যেমন ধ্বংস হয়, তেমনি ভেঙে পড়ে মায়ের বুক ও সমাজের মানবিকতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category