স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো রাষ্ট্রপতি হওয়ার কথা চিন্তা করেননি। এটিকে দলীয় সিদ্ধান্ত ও মহান আল্লাহর অশেষ কৃপা হিসেবে দেখছেন তিনি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বিএনপির এই শীর্ষ নেতা এসব কথা জানান।
তিনি লেখেন, আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটি দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলেও তিনি প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পিতা সাবেক এমপি ও এরশাদ সরকারের মন্ত্রী মির্জা রুহুল আমিন এবং মাতা মির্জা ফাতেমা আমিন। পারিবারিক ঐতিহ্য সূত্রে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও শুরুতে তিনি মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) সক্রিয় ছিলেন। পরবর্তীতে শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে মনোযোগ দেন।
১৯৯০ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন তিনি। পর্যায়ক্রমে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব সামলানোর পর ২০১৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাঁকে মহাসচিব নির্বাচিত করা হয়। সেই থেকে টানা দলটির মহাসচিবের দায়িত্বে রয়েছেন তিনি।