রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের আগলে রাখবে বিএনপি: মির্জা ফখরুল

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ Time View

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদেরকে বিএনপি আগলে রাখবে।

বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানী বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবার তো নৌকা নেই। নৌকা পালিয়ে গেছে। শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন। মাঝখানে তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ বছর আগে আমরা সর্বশেষ সংসদ নির্বাচন করেছি। এর মাঝখানে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপি আশা করছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। যদিও নিত্যপণ্যের দাম বাড়ার কারণে মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই। তবে এখন এমন একটি সময় এসেছে, যখন মানুষ রাতে তুলনামূলক শান্তিতে ঘুমাতে পারছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের সরকার গঠন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলে জানান।

মির্জা ফখরুল বলেন, এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।

পথসভা শেষে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category