কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতেই এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে অরাজকতা সংঘটিত করার মাধ্যমে তারা দেশের শান্ত পরিবেশ নষ্ট করতে চায়।
কঠোর শাস্তির দাবি বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, হাসান মোল্লার হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। অপরাধীদের বিচার না হলে তারা ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভয়শূন্য পরিবেশের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আহত হাসান মোল্লার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।