স্বামীর জানাজা ও দাফন শেষে নির্ধারিত প্যারোলের সময়সীমা অতিক্রমের আগেই কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৮ মিনিটে তাঁকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। তথ্যটি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে সকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে মুন্সীগঞ্জ কারাগার থেকে রওনা হন দীপু মনি। দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজা সম্পন্ন হওয়ার পর বনানী কবরস্থানে তাঁর স্বামীর দাফন সম্পন্ন হয়। দাফন কার্যক্রমে অংশগ্রহণের সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা গেছে, দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সকালে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোলে মুক্তি মঞ্জুর করেছিল। দাফন শেষে বেলা ৩টা ১৫ মিনিটে বনানী থেকে তাঁকে নিয়ে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং সময়মতো কারাগারে ফিরিয়ে আনা হয়।