সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত এই বিধান অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও অংশ নিচ্ছেন। গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত এবং এসব নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭০ অনুচ্ছেদে সম্ভাব্য পরিবর্তন সংসদ সদস্যদের ভোটাধিকার প্রয়োগে অধিক স্বাধীনতা এনে দেবে, যা রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।