সৌদি আরবে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। তার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায়।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারী সৌদি তরুণেরও মৃত্যু হয়েছে।
নিহত কামরুলের ভগ্নিপতি একরামুল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ দেশে আনতে তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন।
স্বজনদের বরাতে স্থানীয় সূত্র জানায়, কামরুল জামান একটি সুপার মার্কেটে কাজ করতেন। কর্মস্থলের দায়িত্ব শেষ করে বাসায় ফেরার সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়।
আত্মরক্ষার জন্য কামরুল তার কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে চলে যান। পরে হামলাকারীও সেখানে প্রবেশ করে তাকে গুলি করে। এ সময় সুপার মার্কেটে কর্মরত অন্য কর্মীরা আতঙ্কিত হয়ে সরে যান।
ঘটনার পর হামলাকারী নিজেও গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে।