রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের ‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’ মন্তব্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতি সেই বার্তা অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘জেন জি’ বা নতুন প্রজন্মকে ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। ‘তারা আমাদেরই মানুষ’- এমন মন্তব্যও করেন তিনি।
এর পরদিন শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে বলেন, মোহন ভাগবতের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন প্রজন্মকে রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যা না দেওয়ার আহ্বান।
তিনি বলেন, যেহেতু মোহন ভাগবত বিজেপির অভিভাবকের ভূমিকা পালন করেন, তাই তিনি যেন একই বার্তা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পৌঁছে দেন। তার আশা, দলটির নেতৃত্ব ভাগবতের এই পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
অভিজিৎ দীপকে আরও বলেন, বিজেপি সাধারণত আরএসএসের অবস্থান অমান্য করে না। তবে যদি এবারও তারা এই বার্তা উপেক্ষা করে, তাহলে আরএসএসকেই নতুন করে ভাবতে হবে – তাদের পরামর্শ দলটি কতটা গুরুত্ব দিচ্ছে।