ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এই জামিনের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের করা একটি নালিশি মামলায় পিবিআইয়ের প্রতিবেদন দাখিলের পর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছিল বলে জানান বাদীপক্ষের আইনজীবী নাজমুল হক।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা হাটহাজারীর মেখল ইউনিয়নে একটি মৌরশী জমিতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, গাছ কাটা এবং মাছ আত্মসাৎ করেন। পরে সেখানে মুরগির ফার্ম ও মাছ চাষের মাধ্যমে দখল ও ভোগদখল চালানো হয়, এতে বাদীর আর্থিক ক্ষতি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে আলিফ হত্যা মামলাও রয়েছে, যেখানে বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে।