চাঁদপুরের হাজীগঞ্জে পণ্যের ক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকা এবং অনুমোদনহীনভাবে খেজুর প্যাকেটজাত করার দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকি অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্য ক্রয়ের রসিদ না থাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে পণ্য রাখার অপরাধে ‘ভৈরব বস্ত্রালয়’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মূল্য তালিকা না থাকা ও অনুমোদন ব্যতীত খেজুর প্যাকেটজাত করার দায়ে ‘মেসার্স জননী এন্টারপ্রাইজ’, ‘সালমান সাইফ এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স শান্ত এন্টারপ্রাইজ’কে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকায় ‘মাম ফুডস’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই নিয়মিত মনিটরিং ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের কঠোর অবস্থান স্থানীয় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।