চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের ব্যাংক কলোনি এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন স্থানীয় বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ নির্মাণাধীন ভবনে শ্রমিকদের সঙ্গে কাজ তদারকি করছিলেন দেলোয়ার হোসেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত শ্রমিকরা তাঁকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।