রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নির্বাচনের আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ Time View

নির্বাচন নিয়ে অতীতের সব কালিমা ও অপবাদ মুছে ফেলে একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, দেশে সঠিক নির্বাচন সম্ভব। আর এটি অর্জনের একমাত্র পথ হলো আইনের শাসনের কঠোর প্রয়োগ।মঙ্গলবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিংয়ে’ তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই সিইসি সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দীন বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা বাস্তবে দেখিয়ে দিতে চাই। মনে রাখবেন, আইন হবে অন্ধ; এটি সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আপনাদের ওপর একটি বিশাল গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

বিগত নির্বাচনগুলো নিয়ে তীব্র সমালোচনার কথা উল্লেখ করে সিইসি আক্ষেপ করে বলেন, সামষ্টিকভাবে আমাদের ওপর একটি বড় অপবাদ চেপে বসেছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি এবং ‘ম্যানেজড ইলেকশন’ করছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। মাঠ পর্যায়ে আপনারা যারা সিস্টেমটাকে ধরে রাখেন, সেই অপবাদ ঘোচানোর দায়িত্বও আপনাদের।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মনোবল বাড়াতে সিইসি বলেন, আপনারা যখন বুক ফুলিয়ে নির্ভয়ে কাজ করার সাহস দেবেন, আমিও তখন সাহসী হব। আপনাদের অঙ্গীকারই আমাকে শক্তি যোগায়। আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা যখনই কোনো সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ পুরো নির্বাচন কমিশন আপনাদের পাশে শক্ত হয়ে দাঁড়াবে।

কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, আমাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। আপনারা কেবল আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালিত করবেন। নির্বাচনী সিস্টেম যাতে সঠিকভাবে ফলাফল দিতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরই নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই ব্রিফিংয়ে অন্য নির্বাচন কমিশনারগণ এবং দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category