চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮) ও রবিউল (১৮)। তাদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এ সময় ৪টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ডের সিসি কামরুল ইসলামসহ তার টিম এবং নৌপুলিশের সদস্যরা সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, ৩ জনকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।