১০ টন ওজনের বিপুল লাগেজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেই আলোচনার জন্ম দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। বিশেষ করে চার বছর আগের কাতার বিশ্বকাপের তুলনায় এবার সেলেসাওদের লাগেজের পরিমাণ প্রায় দ্বিগুণ। আর এই বিশাল বহরের ভেতরের রহস্য নিয়ে সবার মনেই জাগছে কৌতূহল। খবর গ্লোবো ডটকমের।
লাগেজের এই বিশালত্বের মূল কারণ হলো স্বাস্থ্য ও ফিটনেস সুরক্ষায় নেওয়া ব্যাপক প্রস্তুতি। এবার ব্রাজিল দল সাথে করে নিয়ে এসেছে একটি ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের সমতুল্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের নিউজার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামির মতো ভিন্ন ভিন্ন ভেন্যুর শহরগুলোতে এই সরঞ্জামগুলো দলের সাথে নিয়ে যাওয়া হবে।
এবারের বিশ্বকাপে খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল ও ফিটনেস বিশেষজ্ঞ, নিরাপত্তা কর্মী এবং ম্যানেজমেন্ট মিলিয়ে ব্রাজিলের মোট বহরটি ৯১ জনের, যা প্রায় ১০০ ছুঁইছুঁই।
এত বিপুল পরিমাণ সরঞ্জামের প্রয়োজনীয়তা নিয়ে ব্রাজিলের ফিজিওলজিস্ট গুইলহের্মে পাসোস জানান, ট্রেনিং সেন্টারে ভালো অবকাঠামো থাকলেও কোনো হোটেলেই দলের উপযোগী বিশেষায়িত চিকিৎসা বিভাগ থাকে না। এই ঘাটতি পূরণে তাঁরা দলের জন্য নির্ধারিত প্রতিটি হোটেলেই নিজস্ব একটি অস্থায়ী চিকিৎসা বিভাগ তৈরি করছেন।
তিনি আরও স্পষ্ট করেন, লাগেজের ভেতর রয়েছে সব ধরনের উন্নত ফিজিওথেরাপি সরঞ্জাম, লেজার, আল্ট্রাসাউন্ড মেশিন এবং শকওয়েভ থেরাপির আধুনিক যন্ত্রপাতি, যা অনেকটা ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবার মতোই কার্যকর।
সূচি অনুযায়ী, আগামী ৫-৬ জুন নিউজার্সিতে অবস্থান করবে ব্রাজিল দল। এরপর তারা ক্লিভল্যান্ডে গিয়ে ৬ জুন মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। পরবর্তীতে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ১৩ জুন মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ১৯ ও ২৪ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।