শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২০ Time View

প্রাথমিক শিক্ষার পরিধি বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ধাপে ধাপে এ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় সরকার।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষা বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এর আগে দেশের ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে ওই বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার তা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বিভিন্ন মামলার কারণে ছয় হাজারের বেশি শিক্ষক এবং ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। পাশাপাশি ১৪ হাজার নতুন শিক্ষকের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলেও যাচাই-বাছাই জটিলতায় তাদের নিয়োগ দেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সমাধান আনতে সমন্বিত নীতিমালা প্রণয়ন জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। দেশে প্রায় চার লাখ শিক্ষক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করে কোনো নীতিমালা বাস্তবায়ন সম্ভব নয়। সকলকে সম্পৃক্ত করে একটি স্থিতিশীল ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category