ইন্টার মিয়ামির জার্সিতে খেলতে নেমে প্রতি ম্যাচেই গোল করার রেকর্ড ধরে রেখেছেন লিওনেল মেসি। শুক্রবার রাতেও গোল করলেন তিনি। এ নিয়ে মিয়ামির জার্সিতে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেকের পর থেকে ৫ ম্যাচ খেলে, সবগুলোতেই গোল করেছেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচে তিনি করলেন মোট ৮ গোল।
লিওনেল মেসির গোল এবং তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে ইন্টার মিয়ামি। ফ্লোরিয়ার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা ৪-০ গোলে হারিয়েছে শার্লট এফসিকে।
তবে, শুক্রবার মেসির গোলের আগেই বলতে গেলে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো। ম্যাচের চার মিনিট বাকি থাকতে গোল করেন তিনি। তার আগেই মিয়ামি এগিয়েছিলো ৩-০ গোলে। তবুও মাঠে উপস্থিত ২২ হাজার দর্শককে তিনি নিরাশ করেননি। শেষ মুহূর্তে গোল করে তাদের মন ভরিয়ে দিলেন মেসি।
আগামী মঙ্গলবারই লিগ কাপের সেমিফাইনাল খেলতে মাঠে নামবে ইন্টার মিয়ামি। প্রতিপক্ষ গত বছর ইন্টার্ন কনফারেন্স কাপ চ্যাম্পিয়ন ফিলাডেলপিয়া ইউনিয়ন। সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির আগমনের পর থেকে যেভাবে উজ্জীবিত হয়েছে ইন্টার মিয়ামি, তাতে করে এবারের লিগ কাপের শিরোপা তারা আশা করতেই পারে।
ম্যাচের ১২তম মিনিটেই গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। গত তিন ম্যাচে মেসি থাকার পরও দ্বিতীয়বারের মত পেনাল্টি শট নেন জোসেফ মার্টিনেজ এবং তার শট জালও খুঁজে নিলো।
খেলার বয়স আধাঘণ্টা পার হওয়ার পরই (৩২তম মিনিটে) দ্বিতীয়বারের মত মিয়ামিকে এগিয়ে দেন রবার্ট টেলর। শার্লট এফসির কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে বল এগিয়ে দেন ডিআন্দ্রে ইয়েলডিন। তার বল খুব সহজেই পেয়ে যান টেলর এবং আলতো শটে তিনি বল জড়িয়ে দেন শার্লটের জালে।
ম্যাচের ৭৮তম মিনিটে আত্মঘাতি গোলে আরও একবার পিছিয়ে পড়ে শার্লট এফসি। নিজেদের জালেই বল জড়িয়ে দেন অ্যাডিলসন মালান্ডা। এরপর ৮৬তম মিনিটে শার্লটের জালে পরাজয়ের শেষ পেরেক পুঁতে দেন মেসি।ম্যাচ শেষে শার্লটের কোচ ক্রিশ্চিয়ান ল্যাত্তানজিও মুগ্ধতা প্রকাশ করেন মেসির প্রতি। তিনি বলেন, ‘যখন আপনার কাছে মেসির মত খেলোয়াড় আছে, তখন বুঝতে হবে যে কোনো সুযোগকেই তিনি কাজে লাগিয়ে ফেলবেন। তার শুধু এক সেকেন্ড সময় প্রয়োজন। প্রতিপক্ষ হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে, তিনি যেন তার ম্যাজিক দেখাতে না পারেন। কিন্তু ১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে কেউ তার এই ম্যাজিক থামাতে পারেনি।’