হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে পাঁচ সদ্যসের একটি মেডিকেল টিমও।
জানা গেছে, শনিবার (২৯ জুলাই) দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেসময় তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই দ্রুত হাসপাতালে নেওয়া হয় সাবেক মুখ্যমন্ত্রীকে।বিকাল ৪টা ৫০ মিনিট নাগাদ উডল্যান্ড হাসপাতাল থেকে ক্রিটিকাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের কলকাতার বাড়ি পাম এভিনিউতে। এরই মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, সাবেক মুখ্যমন্ত্রীর রক্তে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। তবে এখন কিছুটা ভালো আছেন।
হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে রয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতা ভট্টাচার্য। সাবেক মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রবীণ এ নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অতীতেও এই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রীকে।
তার নিরাপত্তায় হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিডি/কেএএ