আফগানিস্তানে বিউটি পার্লারগুলো চালু রাখার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন নারীরা। বুধবার (১৯ জুলাই) কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন একদল নারী। খবর এএফপির।আফগান নারীদের অভিযোগ, বিউটি পার্লার বন্ধ করে দেয়ার মাধ্যমে তাদের রুটি-রুজি কেড়ে নেয়া হচ্ছে।
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তালেবান। মেয়েদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ, নারীদের পার্ক যাওয়া, জিমে যাওয়া, রাস্তায় পর্দাবিহীন বের হওয়া নিষিদ্ধ করেছে তারা। এই প্রবণতার সবশেষ পদক্ষেপটি ছিল বিউটি পার্লার বন্ধ করা।
বিক্ষোভে অংশ নেয়া এক পার্লার কর্মী বলেন, ‘আমরা আলোচনার উদ্দেশ্যে এই বিক্ষোভের আয়োজন করেছি। কিন্তু কেউ আমাদের সঙ্গে আলোচনা করতে বা আমাদের বক্তব্য শুনতে আসেনি। তারা আমাদের প্রতি কোনো মনোযোগ দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর তারা আমাদেরকে ফাঁকা গুলি ছুঁড়ে ও জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে।’
চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানে রাজধানী কাবুল ছাড়াও অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার। এ নিয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে।
দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয় পার্লারগুলোকে তাদের কার্যক্রম বন্ধের জন্য ১ মাস সময় দেয়।
গত ২০ বছরে কাবুল ও আফগানিস্তানের অন্যান্য শহরে অসংখ্য বিউটি পার্লার চালু হয়েছিল। ওই সময় দেশটিতে মার্কিন সেনাদের নেতৃত্বে মিত্র বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।